তিনি তরুণ উদ্যোক্তাদের কাছে পরিচিত ‘সদাগর ভাই’ হিসেবে। কারণ তার জনপ্রিয় ওয়েবসাইট সদাগর.কম-এর মাধ্যমে পণ্য পাইকারি কেনাবেচা করতে পারছেন দেশজুড়ে! সদাগর.কম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরীর বেড়ে ওঠার গল্প নিয়ে এবারের আয়োজনে লিখেছেন ফাহিম মেসবাহ
বেড়ে ওঠার গল্পটি যেমন
বাবা, মা—দুজনই শিক্ষক ছিলেন। পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে এবং পরবর্তীতে এমবিএ করেছি। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও আমার বরাবরই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল। আমার বন্ধুদের বেশির ভাগই বিদেশে স্থায়ীভাবে চলে গেছে কিন্তু আমি কখনো চেষ্টাও করিনি, কারণ আমার কাছে মনে হতো—নিজে ভালো থাকার যে আনন্দ তারচেয়ে অনেক বেশি আনন্দ দশের জন্য ভালো কিছু করার। আমি সব সময়ই এমন কিছু করতে চেয়েছি, যেটার স্যোশাল ইম্প্যাক্ট আছে, মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যেটার অবদান থাকবে।
সদাগর.কমের (shodagor.com) যাত্রা শুরু যেভাবে
বর্তমানে ইন্টারনেট হাতে হাতে, কিন্তু এর বিশাল ক্ষমতা শুধু বিনোদনের জন্যই বেশি ব্যবহূত হয়। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের উন্নতি করা যায়, পণ্যের প্রসার ঘটানো যায়। এই বিষয়গুলোতে আমরা এখনো স্মার্ট হতে পারিনি। আমরা প্রচারবিমুখ, আবার অনেক ছোট। মাঝারি প্রস্তুতকারক আছেন, যাদের পক্ষে টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া সম্ভব নয়, তাই বলে এই ইন্টারনেটের যুগেও কি তাদের ব্যবসা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই সমস্যাগুলোর সমাধানে, দেশীয় শিল্পের বিকাশে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে সদাগর.কমের যাত্রা শুরু।
এটি একটি অনলাইন হোলসেল মার্কেটপ্লেস; যা প্রস্তুতকারক, উত্পাদনকারী ও আমদানিকারকদের পণ্যের জন্য নতুন বাজার সম্প্রসারণ করে নতুন হাজারো ক্রেতা খুঁজে আনবে, ব্যবসার পরিধি বাড়াবে এবং বাজারজাতকরণের খরচ কমিয়ে আনবে, পাবে ন্যায্য মূল্য। ছোট, মাঝারি, বড়ো—সব ধরনের দেশীয় প্রস্তুতকারক, উত্পাদক, আমদানিকারক এবং পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান যারা আছেন; তারা আমাদের এই অনলাইন-ভিত্তিক পাইকারি বাজার সদাগর.কমের সঙ্গে যুক্ত হয়ে খুব সহজেই সারা দেশে ছড়িয়ে দিতে পারবেন নিজেদের পণ্য ও সেবা।
উদ্যোক্তাদের যে সহযোগিতা দিচ্ছে সদাগর.কম
পাইকারি ক্রেতা ও বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়া, নতুন ক্রেতা-বিক্রেতা তৈরি করা, পণ্যের কেনাবেচায় সহযোগিতা করা, পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং সেলস, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ সহজ করে থাকে সদাগর.কম।
তরুণরা যেভাবে সদাগর.কমের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
খুব সহজ! www.shodagor.com/become-a-seller/ এই লিঙ্কে গিয়ে হোলসেলার হিসেবে রেজিস্টার করতে হবে। তারপর কাস্টমার কেয়ার থেকে কল করে একটি অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী কার্যক্রম তারা করতে পারবে।
তরুণদের জন্য পরামর্শ
ক্যারিয়ার সিলেকশনে খুব সাবধান হতে হবে। নগদ আয়কে প্রাধান্য দেওয়া যাবে না, বরং যেই কাজের ফিউচার ভালো, যেই স্কিলের ফিউচার ভ্যালু আছে, সে রকম কাজ বেছে নেওয়া উচিত।
