ফেভারিট রংপুরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কুমিল্লা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪

আজ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে প্রতিপক্ষ রংপুর শক্তিশালী হলেও, চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কুমিল্লা।

টুর্নামেন্টে অংশ নেয়া সাত দলের মধ্যে শুধুমাত্র কুমিল্লাকেই স্পন্সর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে একত্রে দলের কোনো খেলোয়াড়কেই পায়নি তারা। তারপরও ভালো শুরুর ব্যাপারে আশাবাদী কুমিল্লা। কুমিল্লার বেশিরভাগ খেলোয়াড়ই নেপালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেখানেই নিজেদের অনুশীলনটা ভালোভাবেই সেরে নিয়েছে খেলোয়াড়রা।

স্বর্ণ জয় করা খেলোয়াড়রা নেপাল থেকে দেশে ফিরেছেন মঙ্গলবার। আর আজই কুমিল্লার হয়ে খেলতে নামবেন তারা। কুমিল্লার পেসার বোলার আল আমিন হোসেন বলেন, ‘আমাদের চারজন খেলোয়াড় এসএ গেমসে ছিলেন এবং তারা স্বর্ণ জিতেছে। হ্যাঁ, আমরা একত্রে অনুশীলন করতে পারিনি কিন্তু তারা খেলার মধ্যেই ছিলেন। যা আমাদের জন্য ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা নেপালে স্বর্ণ জিতেছে এবং ম্যাচের ব্যাপারে তারা বেশ আত্মবিশ্বাসী। ইতোমধ্যে আমাদের বিদেশি খেলোয়াড়রা ঢাকা পৌঁছেছে। আমাদের সঙ্গে ডেভিড মালান, দানুস্কা শানাকা ও মুজিব উর রহমান রয়েছে। আমার মনে হয়, আমরা ভারসাম্যপূর্ণ দল।’

অন্যান্য দলের মত কুমিল্লার লক্ষ্যও শিরোপা জয় করা বলে জানান আল-আমিন। তিনি বলেন, ‘আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। আমি আগেও বলেছি, আমরা একটি ভারসাম্যপূর্ণ দল পেরেছি। তাই আমাদের চ্যাম্পিয়ন হবার সামর্থ্য রয়েছে।’ গেল মাসে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন আল-আমিন। প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্সকে শক্তিশালী দল উল্লেখ করে তিনি বলেন, ‘তারা খুবই শক্তিশালী দল এবং আমার আশা করছি প্রতিদ্বন্ধিতামূলক খেলা হবে।’

এদিকে মঙ্গলবার নিজেদের জার্সি উন্মোচন ও দলের অধিনায়কের নাম ঘোষণা করে রংপুর রেঞ্জার্স। আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী রংপুর রেঞ্জার্সের দায়িত্ব পেয়েছেন। দলের অধিনায়কত্ব পেয়ে নবী বলেন, ‘আমি নিয়মিত বাংলাদেশ সফর করি এবং এখানকার ঘরোয়া আসর ও খেলোয়াড়দের সর্ম্পকে ভালো ধারনা রয়েছে। তাই এখানকার স্থানীয় খেলোয়াড়রা আমার কাছে অপরিচিত নয়। ক্রিকেট মাঠে আমাদের সেরাটা ঢেলে দিতে হবে। আমি মনে করি, আমাদের দলটি বেশ ভালো। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে ওঠার সামর্থ্য আমরা রাখি।’

রংপুর রেঞ্জার্সের প্রধান চিন্তার কারণ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের অফ-ফর্ম নিয়ে। সাম্প্রতিক সময়ে কাটার দিয়ে সুবিধা করতে পারছেন না তিনি। বল হাতে সেরা ফর্মে নেই বললেই চলে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে সবক’টিতে অংশ নিয়ে ৯২ রান খরচ করেছেন ফিজ। ছিলেন উইকেটশুন্য।

তবে বিপিএলে মুস্তাফিজ তার ফর্ম ফিরে পাবেন বলে আশা করছেন রংপুর রেঞ্জার্সের অধিনায়ক নবী। তিনি বলেন, ‘সে খুবই অভিজ্ঞ বোলার এবং সে খেলার পরিস্থিতি ভালো বুঝতে পারেন। অমি তার বর্তমান ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমি জানি, দ্রুতই তার সেরা ফর্মে ফিরবে।’

ইত্তেফাক/জেডএইচডি