এবার বলিউডে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

এ বছরের শুরুতে ইমরান হাশমিকে অনেকদিন পর বড়ো পর্দায় দেখা গিয়েছিল ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমায়। শিক্ষাব্যবস্থার নানা দুর্নীতি, অনিয়মের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছিল তাতে। তবে সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি। আগামী সপ্তাহে আরেকটি নতুন হিন্দি সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেতা। এ পর্যন্ত অনেক সুন্দরী নায়িকার বিপরীতে পর্দায় আবির্ভূত হয়েছেন তিনি। প্রায় সবার সঙ্গে নায়ক হিসেবে তার রোমান্টিক অভিনয়, বিশেষ করে ‘চুম্বন দৃশ্য’গুলো দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। এ জন্য হাশমির নতুন কোনো সিনেমায় তার বিপরীতে কোন নায়িকা অভিনয় করছেন, তা জানার জন্য বিশেষ কৌতূহল থাকে দর্শকদের। আগামী সপ্তাহে আসছে তার নতুন সিনেমা ‘দ্য বডি’। রহস্য, রোমাঞ্চ ও সাসপেন্সে ভরা সিনেমাটিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সবিতা ধুলিপানা। এখানে দেখা যাবে, ইমরান হাশমির স্ত্রী সবিতা রহস্যজনকভাবে খুন হন। খুনের রহস্য উন্মোচনে পুলিশের গোয়েন্দারা তত্পর হয়ে ওঠে। কিন্তু তখন আশ্চর্যজনকভাবে মর্গ থেকে নিহত সবিতার মৃতদেহ উধাও হয়ে যায়। যা সবাইকে হতবাক করে দেয়।

বলিউডে নতুন নন একদা সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জয়ী সবিতা ধুলিপানা। ২০১৬ সালে অনুরাগ কাশ্যপের ‘রাম রাঘব টু পয়েন্ট জিরো’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ে অভিষেক। এরপর ‘শেফ’ ও ‘কালাকান্দি’ সিনেমায় তাকে দেখা গেছে সাইফ আলি খানের সঙ্গে। তেলেগু ও মালায়লাম দুটি সিনেমায়ও নায়িকা হয়েছেন এর মধ্যে। ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। আমাজন প্রাইম সিরিজ ‘মেড ইন হেভন’ এবং নেটফ্লিক্স স্পাই থ্রিলার সিরিজ ‘বার্ড অব ব্লাড’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খান প্রযোজিত ‘বার্ড অব ব্লাড’-এ হাশমিও ছিলেন প্রধান ভূমিকায়। সবিতা মডেল হিসেবেও কাজ করেছেন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে। সাড়া জাগানো কিং ফিশার ক্যালেন্ডারের মডেলও হয়েছেন। অন্ধ্র প্রদেশের তেনালির তেলেগু ব্রাহ্মণ পরিবারের মেয়েটি ক্যারিয়ারের ধান্দায় বিশাখাপট্টম থেকে মুম্বাই চলে এসেছিলেন। এখানে অর্থনীতি ও ব্যবসা শিক্ষা বিষয়ে পড়তে কলেজে ভর্তি হন। ভরতনাট্যম ও কুঁচিপুরি নাচের তালিম নিয়েছেন দীর্ঘদিন ধরে। ফেমিনা মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কয়েকটি ক্যাটাগরিতে খেতাব জয়ী হয়েছিলেন। সেই সূত্রে কিং ফিশার ক্যালেন্ডারের মডেল হওয়ার সুযোগ পেয়ে যান। ইতিমধ্যে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় অভিনয়ের সুবাদে অভিনেত্রী হিসেবে নিজের ব্যাপারে একধরনের আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে তার মধ্যে। ‘দ্য বডি’ সবিতার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল।