মো. রাকিবুল ইসলাম
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের কামারখন্দে লালন স্মরণে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার জটিবাড়ি গ্রামে লালন স্মরণোত্সবের আয়োজন করেন জটিবাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। কামারখন্দ, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার প্রায় ২০ হাজার লালন ভক্ত লালন ভাব সংগীত উপভোগ করেন। সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন বাউলশিল্পী টুনটুন বাউল। এছাড়াও ক্লোজআপ ওয়ান তারকা সালমা, সাগর বাউল, ফরিদা ইয়াসমিনসহ কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
