পাকিস্তানে টেস্ট ফেরার দিনে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৩

রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের মাধ্যমে দীর্ঘ দশ বছর পর আজ বুধবার টেস্ট ম্যাচ ফিরল পাকিস্তানের মাটিতে। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করে ৬৮ দশমিক ১ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে লঙ্কানরা। আলো স্বল্পতার কারণে দিনের খেলা আগেভাগে শেষ হয়।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। গেল দু’তিন বছর ধরে ছোট আকারে দু’একটি সফর করেছে র‌্যাংকিং-এর নিচের সারির দলগুলোর। তবে গেল সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে শ্রীলঙ্কা।

তারই ধারাবাহিকতায় এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসে লঙ্কান বাহিনী। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং-এ নামেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। শুরুটা দুর্দান্তই ছিল শ্রীলঙ্কার। দুই ওপেনার করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো ৩০ ওভারে ৯৬ রান যোগ করেন। চার বোলার ব্যবহার করেও লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙ্গতে চিন্তায় ছিলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। অবশেষে আজহারকে চিন্তা মুক্ত করেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। টেস্ট ক্যারিয়ারের ২৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া করুনারত্নেকে ৫৯ রানে থামিয়ে দেন আফ্রিদি। ১১০ বল মোকাবেলা করে ৯টি চার মারেন করুনারত্নে।

দলীয় ৯৬ রানে প্রথম উইকেট পতনের পর মিনি ধস নামে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে। ১২৭ রানে চতুর্থ উইকেট হারায় তারা। নিয়মিত বিরতি দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ফার্নান্দো, কুশল মেন্ডিস ও দিনেশ চান্ডিমাল। ফার্নান্দো ৬টি চার ও ১টি ছক্কায় ৮১ বলে ৪০, মেন্ডিস ১০ ও চান্ডিমাল ২ রান করে ফেরেন। এই তিন উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নাসিম শাহ-উসমান সিনওয়ারি ও মোহাম্মদ আব্বাস।

দুর্দান্ত শুরুর পরও ৩১ রানে ৪ উইকেট হারানোয় চাপে পড়েছিলো শ্রীলঙ্কা। এরপর জুটি বেধে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভা। পাকিস্তানের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ম্যাথুজ ও ডি সিলভা। তাতে সফলও হন এই দুই ডান-হাতি ব্যাটসম্যান। জুটিতে হাফ-সেঞ্চুরিও তুলে ফেলেন তারা। তবে দলীয় ১৮৯ রানে এই জুটিতে ভাঙ্গন ধরান ১৬ বছর বয়সী নাসিম। ৭৭ বলে ৪টি চারে ৩১ রান করা ম্যাথুজকে শিকার করেন নাসিম।
ম্যাথুজের বিদায়ের ক্রিজে ডি সিলভার সঙ্গী হন উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। উইকেট বাঁচিয়ে খেলতে থাকেন তারা। এরমধ্যে আলো স্বল্পতায় শেষ হয় প্রথম দিনের খেলা। ডি সিলভা ৬টি চারে ৭৭ বলে ৩৮ ও ডিকবেলা ১৩ বলে ২টি চারে ১১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের নাসিম ৫১ রানে ২ উইকেট নেন। বাসস।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা : ২০২/৫, ৬৮.১ ওভার (করুনারত্নে ৫৯, ফার্নান্দো ৪০, নাসিম ২/৫১)।

ইত্তেফাক/আরএ