রেকর্ডের চূড়ায় আলিম দার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

আজ পার্থেই টেস্ট ক্রিকেটের রেকর্ডের চূড়ায় বসতে চলেছেন পাকিস্তানের আম্পায়ার। আজ পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্টে মাঠে থাকবেন আলিম দার। আর এর মধ্য দিয়েই আম্পায়ার হিসেবে সর্বোচ্চসংখ্যক টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করার গৌরব অর্জন করবেন তিনি।

৫১ বছর বয়সী আলিম দারের অভিষেক হয় ২০০৩ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের ম্যাচ ছিল সেটা। সেই থেকে এখন পর্যন্ত ‘অনফিল্ড’ আম্পায়ার হিসেবে মোট ১২৮ ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। আজ তার ১২৯ তম টেস্ট। এতদিন পর্যন্ত এই রেকর্ডটা ধরে রেখেছিলেন ক্যারিবিয়ান আম্পায়ার স্টিভ বাকনার। ১৯৮৯ থেকে ২০০৯ অবধি তিনি মোট ১২৮ টি ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার। তবে, সেই রেকর্ড এখন অতীত হওয়ার পথে।

ওয়ানডে ক্রিকেটেও আম্পায়ার হিসেবে রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে আছেন আলিম দার। তিনি ২০৭টি ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এখানে তার চেয়ে এগিয়ে আছেন কেবল একজন। ২০৯টি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন। এছাড়াও দার ৪৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন।