কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় পড়ে সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফাসহ পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাদেরকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
সাবেক সচিব এবিএম গোলাম মোস্তফা বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সাবেক এমপি ছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে।
আহত অন্যরা হলেন- তার ব্যক্তিগত সহকারী আকতার হোসেন, সফরসঙ্গী ফারুক আহমেদ, জীবন এবং গাড়ি চালক।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং দেবিদ্বার আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকার ফিরছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় পৌঁছলে তার বহনকারী গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে ধুপখোলা আজগর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন: এবার সুচি’র পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছে দ. কোরীয় ফাউন্ডেশন
ইত্তেফাক/জেডএইচ
