জাতিসংঘের যৌথ মিশনের সুন্দরবন পরিদর্শন শুরু

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০০:৩৫

জাতিসংঘের যৌথ মিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার থেকে চার দিনব্যাপী সুন্দরবন পরিদর্শন শুরু করেছে। গতকাল বাগেরহাটের মোংলার ফুয়েল জেটি থেকে প্রতিনিধি দলটি সুন্দরবন গেছেন। ১৪ ডিসেম্বর তাদের সুন্দরবন থেকে ফেরার কথা রয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের একটি যৌথ মিশনের দুই জন পুরুষ ও দুই নারী পরিবেশবিদ চার দিন সুন্দরবনে অবস্থান করে পরিবেশগত হুমকির মুখে থাকা ওয়ার্ল্ড হেরিটেস এই বনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থান সরেজমিনে দেখবেন ও তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।

জাতিসংঘের এ মিশনে রয়েছেন ইউনেস্কোর নয়াদিল্লি অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট ফর ন্যাচারাল সায়েন্স বিভাগের মিস্টার গাই ব্রুক, ওয়ার্ল্ড হেরিটেস সেন্টারের অ্যাকান নাকামুরা, আইইউসিএনের এলিনা অসিপভা ও এন্ড্রো ওয়াইট।

জাতিসংঘের এই যৌথ মিশনটি সুন্দরবন পরিদর্শনের পাশাপাশি বনের আশেপাশে অবস্থিত শিল্প কলকারখানা বিশেষ করে বাগেরহাটের রামপাল, বরগুনার তালতলী ও পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিতব্য কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রের প্রভাব ছাড়াও আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলার পশুর চ্যানেলসহ অন্যান্য নদী খননের ফলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত যে বিরূপ প্রভাব পড়বে তাও পর্যালোচনা ও মূল্যায়ন করবেন। এই যৌথ মিশনের দেওয়া তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত হুমকির বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবে।