চিলেকোঠায় ড্রামে নারী, ফ্যানে পুরুষের ঝুলন্ত লাশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০০:৫৪

রাজধানীর মতিঝিলের একটি বাড়ি থেকে ওই বাড়ির কেয়ারটেকার ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মতিঝিল কাঁচাবাজারের পাশে কোমরপানি গলির ৫৫ নম্বর বাড়ি থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) জামিল হাসান জানান, পাঁচতলা ওই ভবনের চিলেকোঠায় একটি ছোট্ট রুম আছে। ওই রুম থেকেই শহিদুল ইসলাম (৩৫) নামে ভবনটির কেয়ারটেকারের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তল্লাসী চালিয়ে ঘরের পাশে একটি নীল ড্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী তার স্ত্রী কি-না সেটা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ওই নারীর নাম মর্জিনা বলে জানা গেছে।

উপ-কমিশনার জামিল হাসান বলেন, এই ভবনের মালিক যুক্তরাষ্ট্রে থাকেন। ভবনের পুরোটা জুড়েই  প্রেসের কারখানা। শহিদুল কারখানাগুলো থেকে ভাড়া তুলে যুক্তরাষ্ট্রে তার মালিককে পাঠাতেন। বুধবার রাতে নিচের লোকজন পানি না পাওয়ায় একটি প্রেসের কর্মচারীরা ছাদে যান। গেট খুলেই শহিদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মতিঝিল থানার একজন কর্মকর্তা ঘটনাস্থল থেকে বলেন, ‘ধারণা করা হচ্ছে কেয়ারটেকার শহীদুল ওই নারীকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছেন। তবে ওই নারী তার স্ত্রী নাকি বান্ধবী সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোন কিছু থেকে বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তৃতীয় কোন পক্ষ এই হত্যাকান্ড ঘটাতে পারে এমনটাও সন্দেহে রাখা হয়েছে। তদন্তে হত্যাকান্ডের পুরো চিত্র উঠে আসবে।’