শক্তির জন্মদিনে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:২৮

 

জন্মদিন বুঝি তারা-খেলবার দিন?

 

‘তারা-তারা’, মাঝরাত্তিরে জেগে থাকে যারা!

 

ট্রামের জানালা দিয়ে হুহু বাতাস-সাইরেন

আলতো আদরে ছোঁয়া ধুলো-ধোয়া চুল।

 

খাকি প্যান্ট সাদা শার্ট

কেমন গোপনে নাচে হুইস্কির ভাঁজে—কালোরাত্তিরে?

 

কোথায় যাচ্ছো তুমি—কবিরা কোথায় যায়

সুনীলের বাসা হয়ে ফিরতি ট্রামে,

চাঁদের বালিশে শুয়ে হিম-হিম কুয়াশা চাদরে, 

আহা; কবিদের পথগুলো চিরকালই কবিতার হয়।

 

মাঝরাত্তিরে ঘটে যায় যতটা গোপন, কবি জানে—কবি জানে

আর জানে তারাদের চোখ; কি কেমন রমণঘ্রাণে

আক্রান্ত সেই মনসার মন।

 

কবি যায়—ট্রামের জানালা দিয়ে ঘুমঘুম তারাগুলো

ডাকে তাকে; ডাকে ইশারায়।