এ জলের কোনো রঙ নেই। তবু বিশাল আকাশটা টুপ করে জলের তলে ঢুবে যায় বলেই বোধহয় তার নাম নীলদীঘি। সবুজ খামের ভিতর বিষাদ নীলের একটুকরো ভালোবাসার চিরকুট যেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর অংশ এটি। পাশেই আকাশমণির বন। ঝরা পাতার শব্দ, পাখির মিষ্টি ডাকে মুখরিত এ অংশটা ক্যাম্পাসের অন্যতম আড্ডার স্থল।
বিশ্ববিদ্যালয়ের মাঝখানে প্রায় এক একর জায়গাজুড়ে অবস্থিত বিশাল দীঘির উত্তর-দক্ষিণের বাঁধানো ঘাট দুটো তাই ব্যস্ত থাকে রোজ। কেউ বসে গিটারে সুর বাঁধে, কেউ বা ভালোবাসার জাল বুনে। চড়ুইভাতি, জন্মউত্সব, আড্ডা এবং ফটোশুট কি না হয় এখানে। চলতি বছরের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সামসুদ্দিন সৃজন এই দীঘিতে ডুবে মারা যান। তাই তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা উত্তরঘাটের নাম দেয় সৃজন ঘাট।
দীঘির শীতল জলে পা ডুবিয়ে খেলা করতে করতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোদেলা জানান ‘ঋতু বদলের সাথে সাথে বদলে যায় দীঘির প্রকৃতি। আর তার সাথে গ্রীষ্মের সোনালি রোদ্দুর, শরতের নীলাভ আকাশ কিংবা শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হতেই বদলে যায় দীঘির চেহারা। প্রকৃতি যেন সমস্ত সুধা ঢেলে দেয় এতে।’ ছুটির দিনগুলোতে ক্যাম্পাসে ঘুরতে আসা মানুষগুলোর অন্যতম আকর্ষণ থাকে নীলদীঘি। দীঘির প্রাকৃতিক সৌন্দর্য ক্যাম্পাসের পরিবেশকে করে তুলেছে আরও সতেজ এবং নির্মল। দীঘির চারপাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৈরি করেছে মসৃণ সরু পথ। আছে বসার বেঞ্চ। সন্ধ্যা হতেই হরেক রঙের বাতির আলোয় আলোকিত হয়ে যায় দীঘিরপাড়।
দিনরাত শিক্ষার্থীদের কলরবে মুখরিত থাকে নীলদীঘির পাড়। রোজকার কত শত গল্প জমে এখানে, কত স্বপ্নের সূচনা হয় এখান থেকেই। আছে ঝুম বৃষ্টিতে ভিজে যাওয়া গুচ্ছ কদমের ভালোবাসি বলার গল্প, আছে হূদয় ক্ষরণের গল্প আর আছে কাঁধে কাঁধ মিলিয়ে চলা বন্ধুত্বের গল্প। শুধু কি দিন, সন্ধ্যা হতেই ছাত্রদের পদচারণায় মুখর হয়ে ওঠে দীঘির প্রাঙ্গণ। চলে আড্ডা, গান, আলোচনা, বারবিকিউ পার্টি, ভরা পূর্ণিমায় জোছনা বিলাস। নীলদীঘি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে কৃষি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফাইনুর জয় বলেন, ‘এ দীঘি আমাদের খুব আবেগের জায়গা। কত আড্ডা চলে,গান, কবিতা। কত স্মৃতি এখানটায়।
ক্যাম্পাস জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া দীঘির মায়া জাল তাই তো শেষ বেলায় পিছু টানে খুব।’ তবু মায়াজাল ছিঁড়ে বছর বছর বিদায় নেয় পুরাতন ব্যাচ, নতুন ব্যাচ আসে আর নতুন মায়ায় জড়ায়। কবিতা গানের আসর জমে, নতুন স্বপ্ন, নতুন সব গল্প শুধু দৃশ্যপট একই। বছরের পর বছর জমা হওয়া সব টুকরো স্মৃতি গল্পের রাজসাক্ষী হয়ে থাকে নীল দীঘিরপাড়।
