চেক প্রজাতন্ত্রের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি করেছে বাংলাদেশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণে অনুকূল পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ ও চেকপ্রজাতন্ত্রেও মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর হয়েছে। গত বুধবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ এর অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ এবং চেক প্রজাতন্ত্রের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। এ নিয়ে ৩৬টি দেশের সঙ্গে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করলো। চেক প্রজাতন্ত্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী অ্যালেনা সিলেরোভা এবং বাংলাদেশ সরকারের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে এনবিআর সদস্য আরিফা শাহানা, প্রথম সচিব আসমা দিনা গনি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শাহরিয়ার মোশাররফ, বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এনবিআর মনে করছে, এই চুক্তি বাস্তবায়ন হলে চেক-প্রজাতন্ত্রের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও চেক প্রজাতন্ত্রে বিনিয়োগ করতে উত্সাহী হবেন। এই চুক্তির ফলে একই আয়ের উপর দুই দেশে কর পরিশোধ করতে হবে না।