ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি মাদকব্যবসায়ী আব্দুর রশিদ (৪০) নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন সারহাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সারহাইল নামক স্থানে কতিপয় মাদকব্যবসায়ী মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায় মাদকব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। তাদের গুলিতে শামীম আল মামুন নামে এক পুলিশ সদস্য আহত হন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রশিদকে উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আব্দুর রশিদের বিরুদ্ধে ১৩টি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করে।