মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা কমার্স কলেজ গত ১৭ ডিসেম্বর আলোচনা সভা, মুক্তিযোদ্ধা স্বর্ণপদক প্রদান, সাংস্কৃতিক ও লোকজ খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রোটারিয়ান জামিল ডি আহ্সান, বীর প্রতীক, পিএসসি (অব.)। সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রশাসন প্রফেসর মো. শফিকুল ইসলাম, একাডেমিক উপদেষ্টা প্রফেসর মো. মোজাহার জামিল ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এস এম আলী আজম।
আলোচনা পর্ব শেষে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয় দিবস লোকজ খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। প্রধান অতিথি তার বক্তব্যে বিজয় দিবসের গুরুত্বের ওপর আলোকপাত করতে গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে জাগরূক রাখার জন্য সবার সচেতন থাকা দরকার। নতুন প্রজন্মের দেশের দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে।’
এর আগে ১৬ ডিসেম্বর ঢাকা কমার্স কলেজে লোকজ খেলাধুলা প্রতিযোগিতা উদ্ব্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ। উদ্ব্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এসএম আলী আজম। হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, মোরগ লড়াই ও দড়িলাফ প্রতিযোগিতায় কলেজের ছাত্র-ছাত্রীরা একক ও দলীয়ভাবে অংশগ্রহণ করে।
