প্রতিদিনই মনের কোণে উঁকি দেয় মন খারাপ করা নানা প্রশ্ন, নানা ভাবনা। কাউকে বলতে না পারা এই ভাবনাগুলো জমে জমে গড়ে ওঠে অপূর্ণতার পাহাড়। এমন নানা ভাবনার কথা আপনিও লিখে পাঠাতে পারেন আমাদের এই নিয়মিত আয়োজনে।
ঠিকানা :বিভাগীয় সম্পাদক,
তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক,
৪০ কাওরানবাজার, ঢাকা-১২১৫
প্রশ্ন :আমার ছোটভাই একাদশ শ্রেণিতে পড়ছে। স্বাভাবিকভাবেই কলেজে ভর্তির পর বেশকিছু নতুন বন্ধু তৈরি হয়েছে। কিছুদিন যাবত ওর আচার-আচরণে পরিবর্তন লক্ষ করছি। লক্ষণ দেখে মনে হচ্ছে সে মাঝে মাঝে মাদক নিচ্ছে বা নেশা করছে। ওকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে করণীয় কী?
উত্তর :শুরুতেই তাকে ঠাণ্ডা মাথায় মাদকের কুফল বোঝাতে হবে, নিবিড় সম্পর্কের মাধ্যমে এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানাতে হবে। মাদকাসক্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে বিষয়টি সচরাচর দেখা যায়, তা হলো এরা নিজেদের পরিবারের অন্যান্য সদস্য থেকে আলাদা করে ফেলে। সেক্ষেত্রে তার সঙ্গে যেন পরিবারের অন্য সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি না হয়, সেদিকে মনোযোগ দিতে হবে। পাশাপাশি মনোবিদের কাছে কাউন্সিলিংয়ের জন্য নেওয়া যেতে পারে। সে কাদের সঙ্গে মিশছে তা পর্যবেক্ষণ করতে হবে। ভুলে গেলে চলবে না ‘সত্ সঙ্গে স্বর্গবাস, অসত্ সঙ্গে সর্বনাশ’। এই কথাও তাকেও বোঝাতে হবে।
রুদমিলা মাহবুব
প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
