শুভসন্ধ্যায় জোছনা উৎসব উদযাপন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৩

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে জোছনা উৎসব উদযাপিত হয়েছে। ৫ম বারের মতো এ উৎসবের আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন। এতে অংশগ্রহণ করেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। 

বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় তালতলী উপজেলায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। এখানেই দিনব্যাপী জলজোছনায় একাকার হয় জোছনাবিলাসী অর্ধলক্ষ মানুষ। জেলার আমতলী ও পাথরঘাটা উপজেলা থেকেও একাধিক লঞ্চে করে উৎসবে যোগ দেন কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনা নৌবন্দরে আনুষ্ঠানিকভাবে এ জোছনা উৎসবের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। স্থানীয় পর্যটনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।

দুপুর আড়াইটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এরপর উন্মুক্ত সৈকতে দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যান ও ৯ বিচারপতির শ্রদ্ধা

এ উৎসবকে ঘিরে আয়োজন করা হয় দেশীয় খেলাধুলা, বাউল গান, পুঁথি পাঠ, পুতুল নাচ, যাদু প্রদর্শনী, যাত্রাপালা, হয়লা গান, রাখাইন নৃত্যসহ আনন্দ বিনোদনের নানা কর্মসূচি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফানুস উড়িয়ে এবং দ্বীপালী ভাসিয়ে এ উৎসবের সমাপনী ঘোষণা করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। উৎসব উপলক্ষে শুভসন্ধ্যা সৈকতকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়। নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, স্থানীয় সাংবাদিক সোহেল হাফিজের উদ্যোগে ২০১৫ সাল থেকে জেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের একদল জোছনা প্রেমী মানুষ বরগুনার বিষখালী নদীর মোহনায় এ জোছনা উৎসবের সূচনা করেন। এরপর থেকে প্রতিবছরই জোছনা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৮ সাল থেকে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এ উৎসবটি আরও বড় পরিসরে পালিত হচ্ছে।

ইত্তেফাক/এসি