ঘুরে দাঁড়াবে ডাক বিভাগ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাক বিভাগকে অনেকে মনে করত এটি শেষ হয়ে গেছে। কেউ ভাবতে পারছিল না যে এর বিভিন্ন প্রতিষ্ঠান লাভজনক হতে পারে। তিনি বলেছেন, দেখিয়ে দেব ডাক বিভাগ ঘুরে দাঁড়াবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ডাক বিভাগ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

‘সংযুক্তিতে উত্পাদন, দেশের হবে উন্নয়ন’—এই প্রতিপাদ্য সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদ্যাপন করেছে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। শোভাযাত্রা শেষে বাংলাদেশ ডাক বিভাগ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র সূচনা বক্তব্য দেন।

আলোচনা সভায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯-এর মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম। দিবসটি উদ্যাপনে সার্বিক সহায়তা করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ২৬ মার্চ ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ-এর উদ্বোধন করেন। বর্তমানে প্রতিদিন ‘নগদ’-এর লেনদেনের পরিমাণ ৮২ কোটি টাকার ঊর্ধ্বে। ২৬ মার্চ যাত্রা করে আজ যদি দেশের দ্বিতীয় হতে পারি, তাহলে ২০২১ সালে আমরা এক নম্বর হতে পারি। তিনি বলেন, এখন গর্ব করে বলতে পারি আমার বিটিসিএল ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের কানেক্টিভিটি তৈরি করেছে বিটিসিএল। পৃথিবীর কাছে দেখিয়ে দেব ডাক বিভাগ কীভাবে ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালের মধ্যে টেলিটক শুধু ঘুরে দাঁড়াবে না, দেশের সেরা মোবাইল অপারেটর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডিজিটাল বাংলাদেশ আকস্মিক কোনো ঘটনা ন—উল্লেখ করে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ২০০১ সাল থেকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলা ছিল। পরে ২০০৮ সালে ‘দিন বদলের ইশতেহার’ ঘোষণা করা হয়। তিনি বলেন, ইশতেহারে একটি পয়েন্ট উল্লেখ করা ছিল, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়া হবে। এরপর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ঘোষণা দেন। আর এই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য পরামর্শ, দিকনির্দেশনার জন্য আমি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান।