সিলেট বিভাগে যাত্রা শুরু করেছে ই-ট্রাফিকিং সিস্টেম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৬

হুমায়ূন রশিদ চৌধূরী

 

সিলেট বিভাগে যাত্রা শুরু করেছে ই-ট্রাফিকিং সিস্টেম। এখন থেকে বিভাগের চার জেলায় যানবাহনের মালিক ও চালকরা ইউ-ক্যাশের মাধ্যমে ঘরে বসেই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। ই-ট্রাফিকিং সিস্টেম চালু হওয়ায় হয়রানি কমবে। পাশাপাশি ট্রাফিক পুলিশের কার্যক্রমেও স্বচ্ছতা আসবে। বুধবার বিকালে সিলেট নগরীর রিকাবিবাজারস্থ পুলিশ লাইন্সে ই-ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গ্রামীণফোন ও ইউসিবিএলর ইউ ক্যাশর সঙ্গে সিলেট বিভাগের চার জেলার পুলিশের চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি কামরুল আহসান বিপিএম। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

বক্তব্য দেন, এ সময় সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সাংবাদিক মুহিত চৌধুরীসহ গ্রামীণফোন ও ইউসিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, ই-ট্রাফিকিং সিস্টেম চালু হওয়ায় এখন জরিমানার টাকা পরিশোধের জন্য কাউকে ট্রাফিক অফিসে যেতে হবে না। ঘরে বসে বা যে কোনো ইউক্যাশ সেন্টার থেকে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।  অনুষ্ঠানে বক্তারা নতুন সড়ক আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাই সচেতন হলেই সড়ককে নিরাপদ ও সুশৃঙ্খল করা সম্ভব হবে।