দুই বছর পর দেশে আবারো চালু হলো আইপি টিভি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪০

দেশে আইপিটিভি বা ইন্টারনেট টিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা দুই বছর বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে আবারো তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) স্ট্রিমিং সেবা, আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা দেওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

এতদিন এই সেবাদানে আইএসপিগুলোর ওপর বিধিনিষেধ ছিল। সম্প্রতি অনুষ্ঠিত টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২২১তম সভায় সিদ্ধান্ত হয়, কমিশনের অনুমোদন সাপেক্ষে আইএসপিগুলো (আইএসপি) স্ট্রিমিং সেবা, আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা দিতে পারবে। একইসঙ্গে এ বিষয়ে বিটিআরসির ২০১৬ সালে জারি করা পত্র (নির্দশনা) বাতিল করা হয়েছে। সম্প্রতি আইপি (ইন্টারনেট প্রটোকল) ভিত্তিক সেবাগুলোর বিষয়ে বিটিআরসি একটি নির্দশনাও জারি করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, এটা পুরোপুরি চালু হলে ইন্টারনেট ব্যবহারের হার যেমন বাড়বে, তেমনি গ্রাহককে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটসেবা দেওয়াও সম্ভব হবে। সম্প্রতি এক কমিশন সভায় আগের বন্ধ সেবা দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন সেবাটি চালুর সিদ্ধান্ত হয়। তবে এইসব সেবা চালুর আগে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে হবে বলেও আইএসপি এবং ইন্টারনেট গেটওয়েদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আইপিটিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা সময়ের দাবি মেনেই বাংলাদেশে শুরু হয়েছিল। অনেক গ্রাহক সেবা দুটি নিচ্ছিলেনও। কিন্তু ২০১৬ সালের অক্টোবর মাসে বিটিআরসি সেবা দুটি বন্ধ করে দেয়। নিয়মিত টেলিভিশন দেখার হার কমলেও অনলাইনে টেলিভিশন দেখার দর্শক বাড়বে বলে তারা ধারণা করছেন। ভিডিও অন ডিমান্ড সেবা নেওয়া গ্রাহকের সংখ্যাও কয়েক লাখ হবে।