আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি-জামায়াত বর্তমান সরকারকে ব্যর্থ করতে চক্রান্তের পথ বেছে নিয়েছে। এ ক্ষেত্রে তারা নানামুখী তত্পরতা শুরু করছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার আহ্বান জানান।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিপাকে ফেলার জন্য বিএনপি দ্রব্যমূল্যের ওপর ভর করেছে। দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে তাদের যোগসাজস রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কিছু কিছু বিষয় আমরা জেনেছি বিরোধী দল থেকে উসকানি দেওয়া হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি করতে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কোনো বিষয়ে আমাদের সমস্যা হলে আলাপ আলোচনার মাধ্যমে আমার সমাধান করব। জাতীয় স্বার্থের কোনো বিষয় ক্ষুণ্ন হলে সেটা পরস্পর আলাপ-আলোচনা মাধ্যমে সমাধান করব। আমি যতটুকু জেনেছি বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসের ব্যস্ততার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর স্থগিত করেছেন। তারা পরে যাবেন। ওবায়দুল কাদের বলেন, এনআরসি ও ক্যাব ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে, তাদের লোকসভায়ও পাশ হয়েছে। সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমাদের মন্তব্য করা সমীচীন নয়। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি বক্তব্য রাখা হয়েছে। আমার কোনো ভিন্ন মন্তব্য নেই। ওবায়দুল কাদের বলেন, আমি শুধু এতটুকু বলতে চাই, শেখ হাসিনা সরকারই হচ্ছে বাংলাদেশে ৭৫ পরবর্তী একমাত্র মাইনরিটি বান্ধব সরকার। গত ৪৪ বছরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উজ্জ্বল উদাহরণ হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। মাঝে মধ্যে দু-একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটে। এত বড় দেশ, এত মানুষের বসবাস। এখানে ভালো মানুষের পাশাপাশি দুর্বৃত্তও আছে। দুর্বৃত্ত আছে বলেই শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে। দুর্বৃত্তায়নের চক্র আমরা ভেঙে দিতে চাই। দুর্বৃত্তের কোনো দল নেই। তিনি বলেন, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন বলতে যেটা বুঝায়, সেই নির্যাতনের দগদগে চিত্রটা পাওয়া যাবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর। এই দেশে হিন্দুদের ওপর, মাইনরিটিদের ওপর যে বর্বরতা, যে নির্যাতন সেটা কেবল ’৭১-এর বর্বরতার সঙ্গে মিল রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোন মুখে বলেন, তাদের আমলে মাইনরিটিরা ভাল ছিল? স্বাধীন বাংলাদেশের ৪৭ বছর। ৪৭ বছরের ইতিহাসের মাইনরিটি নির্যাতনের নিকৃষ্টতম রেকর্ড হচ্ছে বিএনপির আমলে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, গঠনমূলক বন্ধুত্ব রয়েছে।
এ সময় যুক্তরাজ্যের পার্লামেন্টরি নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক হ্যাটট্রিক বিজয় অর্জন করায় শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে রুশনারা আলী, রুপা হক, আফসানা বেগম বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির হয়ে নির্বাচিত হওয়ায় তাদেরও অভিনন্দন জানান তিনি।
