পাটকল শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান শ্রমিক ফেডারেশনের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:২৭

পাটকল শ্রমিকদের ১১ দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে ফেডারেশনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। দাবির মধ্যে আরো রয়েছে—পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, ঘোষিত মজুরি কমিশনের রোয়েদাদ বাস্তবায়ন, পাটকলগুলোকে আধুনিকীকরণের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা। সমাবেশে বক্তারা বলেন, খুলনায় অনশনরত পাটকল শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুর দায়ভার সরকার এড়াতে পারে না। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন। সমাবেশ শেষে কালো পতাকা র্যালি অনুষ্ঠিত হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাটকল শ্রমিকদের ১৬ সপ্তাহের মজুরি বাকি। মজুরি না পাওয়ার কারণে শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল বাস্তবায়ন হয়েছে ২০১৫ সালে। একই সময়ে রাষ্ট্রায়ত্ত খাতের শিল্পের শ্রমিকদের জন্যও মজুরি কমিশন ঘোষণা করা হয়েছে। চিনি, খাদ্য শিল্পসহ অন্যান্য খাতে তা বাস্তবায়ন হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাটকল শ্রমিকদের জন্য ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশনের রোয়েদাদ এখনো বাস্তবায়ন হয়নি। এ সময় আরো বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কাজী মাহমুদুল হক সেনা, শ্রমিক নেতা এম দেলোয়ার হোসেন, মো. আনোয়ার আলী, সাফিয়া পারভিন, গোলাম ফারুক, আরিফা আক্তার ও রাসেল আহম্মেদ প্রমুখ।