অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার আইন

ভারতে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ অগ্নিসংযোগ ও সংঘর্ষ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:০৩

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী তথা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার আইনের প্রতিবাদে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে বিক্ষোভ ও সংঘাত অব্যাহত রয়েছে। আসামে হতাহতের পর গতকাল শুক্রবার রাজধানী দিল্লি, মেঘালয় এবং পশ্চিমবঙ্গেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মেঘালয়ের শিলংয়ের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সেখানে পূর্বনির্ধারিত এক সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দেশটির পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী আইন না মানার ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টাইমসের

সংঘর্ষ, অগ্নিসংযোগ :মেঘালয়ের রাজধানী শিলংসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শিলংয়ে প্রতিবাদকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। মোবাইল ফোনে ইন্টারনেট ও এসএমএস সার্ভিস দুই দিনের জন্য বন্ধ করা হয়েছে। শিলংয়ের বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। মেঘালয় পুলিশ টুইটে কারফিউ ও ইন্টারনেট বন্ধের ঘোষণা দেয়। সেখানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরে অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটকের খবর নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বড়ো জমায়েতে বিধিনিষেধ     আরোপ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধ ও ভাঙচুর করা হয়। সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়। ফলে কলকাতার বিস্তীর্ণ অংশ যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। উলুবেড়িয়য়া, খড়দহ, ডায়মন্ড হারবার এবং মুর্শিদাবাদে রেল অবরোধ, স্টেশনে ভাঙচুর হয়েছে। উলুবেড়িয়াতে সমস্ত স্টেশন খালি করে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে সড়কপথে বাড়ি পাঠানো হয়।

আইন না মানার ঘোষণা পাঁচ মুখ্যমন্ত্রীর

নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা ছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তাদের রাজ্যে এই আইন কার্যকর হবে না। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, নাগরিকত্ব আইন কার্যকর করতে সব রাজ্য বাধ্য। শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, নাগরিকত্ব বিষয়টি সংবিধানের সপ্তম তফশিলের অন্তর্গত কেন্দ্রীয় তালিকাভুক্ত। আর কেন্দ্রীয় তালিকাভুক্ত কোনো আইন কার্যকর করতে রাজ্য অস্বীকার করতে পারে না।