ইত্তেফাক রিপোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের নগদ লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন।
জানা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন ব্যাংকের শাখাগুলোয় নগদ লেনদেন অনেক বেড়ে গেছে। এ কারণে অবৈধ অর্থ লেনদেনের আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। এরই পরিপ্রেক্ষিতে বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে নগদ অর্থ উত্তোলন বেড়ে যায়। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা রপ্তানি ও প্রবাসী আয়ের গতি-প্রকৃতির দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। পাশাপাশি আমদানি ও রপ্তানির ঋণপত্র খোলার সময় অতি মূল্য ও কম মূল্য দেখানোর বিষয়ে সচেতন থাকতে হবে।
চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যাংক যাতে সন্ত্রাসে অর্থায়নের কাজে ব্যবহূত না হয় বা কোনো সন্ত্রাসী ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক নজর দিতে হবে। নিয়ম মেনে হিসাব খোলা ছাড়া কোনো ধরনের লেনদেন করা যাবে না।
চিঠিতে আরও বলা হয়েছে, সংবেদনশীল এলাকার ব্যাংক শাখার লেনদেনে বিশেষ তদারকি করতে হবে। অনলাইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কোনো লেনদেন হচ্ছে কিনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
