সাত কার্যদিবস পর পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:০৯

ইত্তেফাক রিপোর্ট

টানা সাত কার্যদিবস দরপতনের পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেন। সোমবার ৯ মাসের মধ্যে সর্বনিম্ন ৩১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ার পর গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৯ লাখ টাকার। সে হিসাবে এক কার্যদিবসের তুলনায় ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার বেশি লেনদেন হয়েছে। লেনদেন বাড়ার সঙ্গে ডিএসইতে গতকাল হাতবদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৫২৩৩ দশমিক ৫৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৮৪৩ দশমিক ৪১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১২০৫ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, সোনালি আঁশ, আনলিমা ইয়ার্ন, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, ভিএফএস থ্রেড ও ওয়েস্টার্ন মেরিন।

অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৮৭টির এবং  অপরিবর্তিত রয়েছে ৩৬টির।