গাড়ির ভেতর ঘণ্টার পর ঘণ্টা ফেলে রেখে দুই শিশু সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া টেক্সাসের এক নারীকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
আমান্দা হকিন্স নামের ওই তরুণীর বিরুদ্ধে তীব্র গরমের মধ্যে এক ও দুই বছর বয়সী দুই মেয়েকে গাড়ির ভেতর ১৫-১৮ ঘণ্টা ফেলে রেখে পার্টিতে আনন্দ করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
রায় ঘোষণার সময় আমান্দার উদ্দেশে বিচারক কিথ উইলিয়ামস বলেন,ওই ঘটনা না ঘটলে দুই অমূল্য রত্ন এখনো আমাদের মাঝেই থাকতে পারতো। আমাদের সম্প্রদায়ের অনেকে পোষা প্রাণীরও এর চেয়ে বেশি যত্ন নেয়, যা আপনি আপনার মেয়েদের বেলায়ও নেননি।
পুলিশ জানায়, গত বছরের ৭ জুন টেক্সাসের ওই নারী তার দুই মেয়েকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কের কাউন্টির শেরিফ রাস্টি হায়েরহোলজার ওয়াশিংটন পোস্টকে জানান, কাছাকাছি এলাকার একটি হ্রদে ফুলের গন্ধ নেওয়ার পর পড়ে গিয়ে মেয়েদের এমন অবস্থা হয়েছে বলেও সেসময় আমান্দা দাবি করেছিলেন। তদন্তে এ দাবির অসারতা প্রমাণ হয়। বের হয়, বন্ধুদের সঙ্গে রাতভর পার্টি করার উদ্দেশ্যে ইচ্ছা করেই মা তার দুই সন্তানকে গাড়ির ভেতর ফেলে রেখেছিলেন।
চিকিত্সক জন গেবার্ট ৪০ ঘণ্টা ধরে একটানা জেগে থেকে ব্রিন ও এডিসনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হয়। রায় ঘোষণার আগে আমান্দা তার দোষ স্বীকার করে বলেছেন, যা করেছি তার জন্য কোনো অজুহাত চলে না। যে শাস্তিই দেওয়া হোক আমি মেনে নেব।
