সাম্প্রদায়িক অপশক্তি আজও বিষবাষ্প ছড়াচ্ছে :কাদের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি আজও বিষবাষ্প ছড়াচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এসব বিষবৃক্ষের মূলোত্পাটন করা হবে।

গতকাল শনিবার মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের       দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ‘শহিদ’ লেখায় দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। এখনো যেসব অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, তাদের মূলোত্পাটন করা হবে।’

পরে ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী সমাধিসৌধে যান এবং দলের নেতাদের সঙ্গে নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একাত্তরে বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক তত্পরতা চলছে।