ভারতের এনআরসি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং এনআরসি আমাদের সার্বভৌমত্বের ওপর হুমকি বলে মনে করছি। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র উপমহাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, সংঘাত সৃষ্টি করবে। সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এ ধরনের প্রয়াস চালানো হচ্ছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গতকাল সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান অগণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছে। তারা বাংলাদেশের অর্জনগুলোকে, জাতির অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। তিনি বলেন, আমাদের নেত্রী কারাগারে, হাজার হাজার নেতাকর্মী কারাগারে, বিএনপিকে নির্মূল করার চেষ্টা হচ্ছে। এখন সবচেয়ে বড়ো প্রয়োজন জাতির ঐক্য। এই দিনে শহিদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামকে বেগবান করতে হবে।
