সারাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

মাদারীপুর: ‘অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর হোসেন সজল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তাসহ নানা পেশার মানুষ বক্তব্য রাখেন।

জয়পুরহাট: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অভিবাসীদের মর্যাদা ও অধিকার নিয়ে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান। জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি আকতারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক প্রমুখ।

শরীয়তপুর: কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান খান প্রমুখ।

মৌলভীবাজার: জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত। মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, ব্যাংক ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান প্রমুখ।

পটুয়াখালী: জেলা প্রশাসন, টিটিসি এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

সকাল ৯টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবির প্রমুখ।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): সকালে র্যালি ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন, সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দি (রাজবাড়ী): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

গোসাইরহাট (শরীয়তপুর): গোসাইরহাটে ব্র্যাক অভিবাসন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। গোসাইরহাট উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান প্রমুখ।

চরভদ্রাসন (ফরিদপুর): উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এ অনুষ্ঠান বাস্তবায়ন করে। ওকাপ এর উপজেলা ফিল্ড অফিসার সাব্বিরুজ্জামানের উপস্থাপনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসে নিপীড়ন, অত্যাচার ও প্রতারণার শিকার ফাহিমা বেগম, শেফালী বেগম ও বিথী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন।

কলমাকান্দা (নেত্রকোনা): কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএইচও মো. আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান প্রমুখ।