সিলেট-৪ আসন

ডাবল হ্যাটট্রিক চায় আওয়ামী লীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:২২

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ— এ তিন উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ নির্বাচনী আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমদ। তিনি ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং সর্বশেষ ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। তবে এবার এ আসন থেকে তিনি পুনরায় নির্বাচিত হলে ডাবল হ্যাট্রিক করবেন বলে আশাবাদী দলের নেতাকর্মীরা।  

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম (ধানের শীষ) প্রতীক নিয়ে আসনটি ফিরিয়ে আনতে মরিয়া হয়ে মাঠে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।

২০০১ সালে তিনি দলীয় টিকেট পেয়ে সিলেট-৪ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালে তিনি (স্বতন্ত্র) ও ২০০৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদের সাথে বিপুল ভোটে পরাজিত হন। তবে এবার এ আসনে তাদের সাথে ভোট যুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান (লাঙল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোজ কুমার সেন (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জিল্লুর রহমান (হাতপাখা)।

আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণ আবারও আমাদের ক্ষমতায় দেখতে চায়। ইমরান আহমদকে দলীয় সভানেত্রী যতবারই মূল্যায়ন করছেন ততবারই তিনি নেত্রীকে আস্থার প্রতিদান দিয়েছেন। আশা করি, এবারও আমরা এই আসনে জয়ী হয়ে নেত্রীকে আসনটি উপহার দেব।

বিএনপির স্থানীয় নেতারা বলেন, দিলদার হোসেন সেলিম অনেক জনপ্রিয়। তিনি দলের জন্য অনেক শ্রম দিয়েছেন। তাছাড়া আসনের তিন উপজেলাসহ সিলেটের বিভিন্ন এলাকায় দলকে সু-সংগঠিত করতে গিয়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এবার যদি এ আসন থেকে পুনরায় নির্বাচিত হন তাহলে এলাকার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন বলে মনে করেন।