তারামন বিবি
মারুফ রায়হান
মাটিতেও জন্ম নেয় তারা, চিরদ্যুতিমান
জানিয়ে দিয়েছিলো উনিশ শো একাত্তর
সে এক সময় গেছে দেশমাতৃকার
শুভ্র গন্ধরাজ রক্তস্নানে হয়ে উঠেছিলো
আশ্চর্য রক্তিম
আর গোলাপেরা ঢেকে গিয়েছিলো
ধবধবে কাফন-শাদায়
সেসময় ফুটেছিলো তারামন,
বাংলার আঁখিতারা
বঙ্গকিশোরী ওই হেঁশেলের খুনতি ফেলে
হাতে তুলে নিয়েছিলো স্টেনগান
তা না হলে বাংলা মা কীভাবে মুক্ত হতো!
কুড়িগ্রামে পাপড়ি মেলতো বিজয়ের পুষ্পকুঁড়ি?
ব্রহ্মপুত্রের জলে জ্বলজ্বল করতো স্বাধীনতার সূর্য!
তোমাকে অভিবাদন, হে বীরপ্রতীক
তোমাকে অন্তিম অভিবাদন,
বাংলার আঁখিতারা তারামন
