ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৬

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত জোর করে কাউকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না। বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ যদি বৈধ প্রক্রিয়া না মেনে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে তাহলে সরকার তাদের ফেরত পাঠাবে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

ভারতের আসামে নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশ এবং নাগরিকত্ব সংশোধনী আইনের পর দেশটি থেকে সীমান্ত দিয়ে অনেকে বাংলাদেশে অবৈধভাবে ঢুকছে বলে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে।

 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। এখানে আসলে না খেয়ে থাকতে হবে না, এমন ধারণার ফলে কিছু মানুষ দালালদের সহায়তায় এ দেশে আসছেন। তবে বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ এদেশে ঢুকলে তাদের বিদায় করে দেওয়া হবে।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে অবৈধভাবে বসবাসরত কোনো বাংলাদেশি থাকলে তাদের তালিকা দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। যাতে আমাদের কোনো লোক অবৈধভাবে থাকলে স্ট্যান্ডার্ড প্রসিডিউরের (যথার্থ প্রক্রিয়ায়) মাধ্যমে তাদের ফেরত পাঠাও। 

আরো পড়ুন : ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের নাগরিকপঞ্জি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। ভারত এটিকে অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে এবং বাংলাদেশে এর প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে দেশটির কোনো কোনো নেতা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমরা সেসব বক্তব্য আমলে নিচ্ছি না। কারণ, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।

 

নয়াদিল্লি সফরে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক। এ সম্পর্ক প্রভাবিত হবে না।

 

 

ইত্তেফাক/ইউবি