এখনই বিশ্রাম নয়!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

তৌহিদ আজিজ

 

প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর সম্ভাব্য উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা থেকে কিছুটা সরে এসেছেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে পদত্যাগের কথা ভাবছি না। কেননা অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে। এখনই সরে গেলে ফেলে আসা কাজগুলো অন্ধকারে ঢাকা পড়ে যেতে পারে। তবে আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি, তা কখনোই নড়চড় হবে না। কোনো অঙ্গীকার করলে আমি তা পূরণ করি।’

সম্প্রতি কাতারে দোহা সম্মলেনে মাহাথির মোহাম্মদ বলেন, আগামী নভেম্বরে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন না বলে ইঙ্গিত দেন। কেননা তখন পদত্যাগ করলে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কিন্তু এরপরে কিংবা ২০২০ সালের ডিসেম্বরে ক্ষমতা ছাড়বেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তখন ভেবে দেখা যেতে পারে। আসলে মালয়েশিয়ার একটা সংকটময় অবস্থায় দেশটির হাল ধরতে সম্মত হয়েছিলেন ৯৪ বছর বয়সি মাহাথির মোহাম্মদ। নিজের শরীরের দিকের তোয়াক্কা না করেই তিনি দেশের মানুষের মঙ্গল কামনায় আবারও রাজনীতিতে আসতে সম্মত হন। আর এ কারণেই তিনি চিরশত্রু আনোয়ার ইব্রাহীমের সঙ্গেও মিত্রতা করতে পিছপা হননি। এই দুই রাজনীতিবিদ গত বছরে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে সম্মত হন। সে অনুযায়ী সরকার গঠনের কথাও বলা হয়। কিন্তু তখন শর্ত দেওয়া হয় যে, দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গত বছর সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের পক্ষে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন মাহাথির মোহাম্মদ। নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন মাহাথির। গত ১০ ডিসেম্বর মাহাথির তার নির্বাচনী অঙ্গীকার পূরণের কথা বললেও শনিবার হঠাত্ করেই তিনি তা থেকে কিছুটা সরে আসেন।

এ অবস্থায় অনেকের মাঝে প্রশ্নের জন্ম দিয়েছে, তাহলে কি তিনি ২০২০ সালে ক্ষমতা ছাড়বেন, নাকি এরপরে তিনি তার ওয়াদা পূরণ করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি তেমন পরিষ্কার নয়। ২০২০ সালেও তিনি সেটা করতে পারেন আবার তার পরেও তিনি তা করতে পারেন। পুরো বিষয়টিই তখনকার বাস্তবতার ওপর নির্ভর করছে। কেননা আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের হাতে দেশ চালানোর অর্থ হচ্ছে দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া।

সেই বাস্তবতা থেকেই সেখানকার আপামর জনগণ মাহাথিরের পক্ষে তাদের সমর্থন জানিয়েছিলেন। তাছাড়া বর্তমানে যার হাতে ক্ষমতা দেওয়ার কথা বলা হচ্ছে, তাকে নিয়ে এখন বিস্তর অভিযোগ রয়েছে। দলের পক্ষ থেকেও আনোয়ার ইব্রাহিমকে নিয়ে নেতিবাচক কথা শোনা যাচ্ছে। গত অক্টোবরে পিকেআরের উপ-প্রধান মাহাথিরের পক্ষে সমর্থন ব্যক্ত করে জানিয়েছিলেন, মাহাথির যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, সে বিবেচনায় তাকে তার মেয়াদ পূর্ণ করতে দেওয়া উচিত। এছাড়া আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আবারও সমকামিতার অভিযোগ উঠেছে। এই   মুহূর্তে মাহাথিরের চলে যাওয়ার অর্থই হচ্ছে     দেশকে এক বড়ো ধরনের ঝুঁকির মধ্যে ফেলে  যাওয়া। তাই মাহাথিরবিহীন ভবিষ্যত্ মালয়েশিয়া কোন পথে যাবে— সে প্রশ্নই এখন সবার কাছে ঘুরপাক খাচ্ছে।