বিজয়নগরে নৌকার প্রার্থীর গণসংযোগ
ও পথসভা অনুষ্ঠিত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির এমপি বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ব্যাপক গণসংযোগ করেন। তিনি সকালে উপজেলার কালীর বাজার ও আমতলী বাজার এলাকায় গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট চান। গণসংযোগ শেষে আমতলী বাজারে পথসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাজোট মনোনীত প্রার্থী র ,আ,ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি, উপজেলা চেয়ারম্যান অ্যাড. তানভির ভূইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, ফয়জুন নাহার টুনি, ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী, ইলিয়াস সরকার প্রমুখ।
ত্রিশালে মহাজোট প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসনে মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদনী মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় বক্তব্য রাখেন দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক ইব্রাহিম খলিল রহিম, মনিরুজ্জামান, কামাল হোসেন, খোরশিদুল আলম মুজিব, আলমগীর কবীর, ফজলে রশিদ, অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, আ.ন.ফারুক, ফকরুল আলম প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, মোস্তাফিজ নোমান, রফিকুল ইসলাম শামীম, রেজাউল করিম বাদল, জোবায়ের হোসেন, মিনহাজউদ্দিন, নুরুল আমিন, মাসুম মিয়া প্রমুখ।
হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলামের
নৌকার সমর্থনে আওয়ামী লীগের কর্মীসভা
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ-১ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নৌকা প্রতীকের সমর্থনে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গত সোমবার সন্ধ্যায় লাউতলি বাজারে নির্বাচনী কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আল আমিনের সঞ্চালনায় এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাশিমউদ্দিন, মোঃ সুলতানউদ্দিন, মোঃ সিরাজউদ্দিন, মোঃ নুরুল ইসলাম, আবু তাহের, মোঃ আলালউদ্দিন প্রমুখ। আগের নির্বাচনগুলোর চেয়ে এবার সৈয়দ আশরাফ আরো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
কামারখন্দে নৌকার পক্ষে হাবিবে মিল্লাত
মুন্না এমপির গণসংযোগ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জ-২ (সদর আংশিক-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ঠাকুরঝিপাড়া, ধলেশ্বর গ্রামে নৌকার পক্ষে গণসংযোগ ও বাড়াকান্দি গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন হাবিবে মিল্লাত মুন্না এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আমিনুল প্রমুখ উপস্থিত ছিলেন।
শিবপুরে মহিলা আওয়ামী লীগের কর্মীসভা
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক কর্মীসভার অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক তাপসী রাবেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে কুলছুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মরিয়ম বেগম মুক্তা প্রমুখ। সভায় বক্তারা বলেন, নৌকা মার্কার প্রার্থী সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহনের পক্ষে উপজেলার সকল নারী নেত্রীকে প্রতিটি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথা বলে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে।
শেখ হেলালের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট- ১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র এমপি শেখ হেলাল উদ্দিনের পক্ষে মঙ্গলবার ব্যাপক গণসংযোগ করেন দলীয় নেতাকর্মীরা। দিনভর মোল্লাহাট উপজেলা সদর, বিভিন্ন হাট-বাজারসহ এলাকার বাড়িতে ুবাড়ি গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতিকের ভোট চেয়ে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। একই সাথে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলালের ছালাম দিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে লিফলেট বিতরণ, সাংগঠনিক সভা ও উঠান বৈঠক করেন। এসময় জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ দাস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা, আওয়ামী লীগ নেতা ওবায়েদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা মোতাহার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি প্রার্থী শ্যামলের
৯ কিলোমিটার পথ হেঁটে গণসংযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দীর্ঘ ৯ কিলোমিটার পথ হেঁটে গতকাল সোমবার গণসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। দলীয় নেতাকর্মীদের নিয়ে সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে পায়ে হেঁটে গণসংযোগ শুরু করে দুপুর ১টার দিকে স্থানীয় চম্পকনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে এক পথসভায় মিলিত হন। এ সময় তিনি সর্বস্তরের জনগণকে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, আমার গাড়ি বহরে ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। মামলা- হামলা দিয়ে এই গণজোয়ার প্রতিরোধ করা যাবে না। পথসভায় অন্যান্যের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক মো. জহিরুল হক জহির, যুব বিষয়ক সম্পাদক মনিরসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হরিণাকুণ্ডুতে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা শান্তিতে বিজয় শ্লোগান কে সামনে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হরিণাকুণ্ডুতে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ওয়েল ফেয়ার ইফোর্টসের উদ্যোগে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি সাবেক অধ্যক্ষ শাহা জালাল। মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুর রহমান টুকু, বক্তব্য রাখেন জোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সালেহা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, সনাকের ভাাইস প্রেসিডেন্ট সুরাইয়া পারভীন মলি, নয়া দিগন্তের স্থানীয় প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহানুর আলম প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় গণমাধ্যম কর্মী, ইমাম, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা-১ আসনে নৌকার
প্রচারণা তুঙ্গে
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নৌকার প্রার্থী এলাকার জামাই মানু মজুমদারকে নিয়ে প্রথমদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতর্ক থাকলেও ধীরে ধীরে তা প্রশমিত হয়ে এখন প্রচারণা তুঙ্গে। দিনরাত চলছে প্রচারণা। আসনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হচ্ছেন- বর্তমান এমপি ছবি বিশ্বাসের আপন ভগ্নিপতি মানু মজুমদার। এবার ছবি বিশ্বাসকে মনোনয়ন না দিয়ে তার ভগ্নিপতিকে মনোনয়ন দেয়া হয়। এই নিয়ে প্রথমে নিজেদের মধ্যে বিতর্ক হলেও পরে আর তা থাকেনি। জামাই মানু মজুমদারকে এলাকাবাসী বরণ করে নেয়। আর ভগ্নিপতির জন্য বর্তমান এমপি ছবি বিশ্বাসও প্রচারে মাঠে নেমেছেন। এখানে আরও একটা সুবিধা হলো, মানু মজুমদারের স্ত্রীর বড় ভাই বা এমপির ছোট ভাই হচ্ছেন- কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস। আর এ কারণেই সেখানে এখন আওয়ামী লীগের প্রচারণা বেশ জোরেসোরে চলছে। কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার আজাদ এবং দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দি আল আজাদ বলেন, নেত্রকোনা-১ আসনটি ধরে রাখার জন্য এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল।
