স্পোর্টস রিপোর্টার
বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর বছিলা ব্রিজের ওপারে কেরানীগঞ্জ ঘাটারচর মাঠে চলছে শহীদ মজিবর স্মৃতি ৪র্থ নাইট ফুটবল টুর্নামেন্ট। গতকাল সন্ধ্যায় তালেপুর স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ধানমন্ডি-২৪ স্পোর্টিং ক্লাবকে হারায়। বিভিন্ন এলাকার ৩২টি দল এই টুর্নামেন্টে খেলছে। প্রতিদিন রাতে খেলা শুরু হওয়ার আগে আতশবাজি ফোটানো হয়। ফুটবল খেলার প্রতি দর্শকের আগ্রহ তৈরি করার জন্য নানা আয়োজন করা হচ্ছে। এলাকার হাজার হাজার দর্শক প্রতিদিন রাতে ফ্লাড লাইটের আলোয় ম্যাচ উপভোগ করছে। সোনালী অতীত ক্লাব ও ঘাটারচর ক্রীড়া চক্রের যৌথ উদ্যোগে এবং ইকবাল কবীরের সহযোগিতায় গত শুক্রবার রাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার সাব্বির, আরমান মিয়া, হিরু আলম টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সফিকুর রহমান জামাল উপস্থিত ছিলেন।
