দেশের প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা প্রদান এবং সে অনুযায়ী জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ রায় দেন। রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
আদালতের রায়ের পর গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. উজ্জ্বল খান ও সম্পাদক সায়েদুল দেওয়ান সন্তোষ প্রকাশ করেন।
২০১৭ সালের ৩ ডিসেম্বর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের স্কেলের সমপরিমাণ বেতন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। ঐ বছরের ২৭ নভেম্বর ঢাকার ধামরাইয়ের টুপিরবাড়ীর হাটকুশারা এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ লাল মিয়াসহ ৫৫ জন গ্রাম পুলিশ এ রিট দায়ের করেন। বর্তমানে প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশের একজন দফাদার বেতন পায় ৩ হাজার ৪০০ এবং মহালদার পায় ৩ হাজার টাকা।
