স্বাধীনতা কাপের প্রথম সেমি আজ

ব্রাদার্স-শেখ রাসেল মুখোমুখি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

 স্পোর্টস রিপোর্টার

শেখ রাসেল ক্রীড়া চক্র ঘরোয়া ফুটবলের যে কোনো আসরে অনেক দিন ধরেই ভালো কিছু করতে পারছে না। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হচ্ছে। কোনো ধাপে গিয়ে সেখান থেকে বিদায় নিতে হচ্ছে তুচ্ছ কোনো কারণে। গত মাসে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে শেষ মুহূর্তের গোলে। বসুন্ধরার কাছে হেরে সেমিতে যেতে পারেনি কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল। স্বাধীনতা কাপের টুর্নামেন্টে মাঠে নেমে টিটু সব সময় তার খেলোয়াড়দের তাড়া দিয়েছেন। জয়ের পথে এগিয়ে থাকার পরও টিটুর কোনো না কোনো কারণে মনে হচ্ছিল যে কোনো সময় একটা ভুলে অপুরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। ডাগআউটে দাঁড়িয়ে টিটু রেফারির শেষ বাঁশী না বাজা পর্যন্ত খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে তত্পর থাকেন। টিটুর চোখে এখনও ট্রফির মঞ্চ অনেক দূর। সেমিফাইনালটাই আগে পেরিয়ে যেতে চান তিনি। তারপর ফাইনালে চোখ রাখতে চান তিনি।

সেমিফাইনালের বাধা টপকে যেতে আজ ব্রাদার্স ইউনিয়নকে হারাতে হবে। ব্রাদার্সকে শক্তিশালী দল জেনেই তিনি মাঠে নামবেন। শেখ রাসেলের অধিনায়ক গোলকিপার আশরাফুল রানা মনে করেন কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারানো যতটা সহজ ছিল ব্রাদার্সকে হারানো ততটা সহজ হবে না। ব্রাদার্সও দুর্দান্ত লড়াই করে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন।

ব্রাদার্স ইউনিয়ন এবার চমক দিয়েছেন স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগকে দারুণভাবে হটিয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ের ফুটবলে সেরা ম্যাচ উপভোগ করেছে দর্শক— এমন মন্তব্য ফুটবল সংশ্লিষ্টদের। আরামবাগ দুইবার গোল করে এগিয়ে ছিল। দুইবারই গোল শোধ করে খেলায় ফিরেছিল ব্রাদার্স। জয়ের বন্দরে পৌঁছানোর আগ মুহূর্তে ব্রাদার্স তৃতীয় গোল হজম করলে ম্যাচটা ৩-৩ গোলে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ের পরও সুরাহা হয়নি। টাইব্রেকারেও ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। সাডেন ডেথে ব্রাদার্স জয় পেয়েছিল। অসাধারণ খেলেছিলেন ব্রাদার্সের গোলকিপার সুজন চৌধুরী। দুর্দান্ত সব সেভ দিয়েছেন। টাইব্রেকারেও কঠিন শট ঠেকিয়ে দিয়ে ব্রাদার্সকে ফাইনালে তোলেন সুজন চৌধুরী। আজও মাঠে থাকবেন এ গোলকিপার। তবে সেমিফাইনাল খেলতে পারবেন না ব্রাদার্সের মাঝমাঠের চালিকা শক্তি পানামার ফুটবলার ড্যানিয়েল মেজা আগুলার। এ ফুটবলার আরামবাগের  বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন গোল করিয়েও ছিলেন। শেষ দিকে লালকার্ডও পেয়েছিলেন তিনি। ব্রাদার্স ম্যানেজার আমের খানের আফসোস ড্যানিয়েল মেজা আগুলার মাঠে নামতে পারবে না। ব্রাদার্স শেষ বার ২০১৪ সালে স্বাধীনতা কাপের সেমিফাইনালে খেলে বিদায় নিয়েছিল।

স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আরেকটি হাড্ডাহাড্ডির ম্যাচ রয়েছে। আবাহনী ও বসুন্ধরার কিংসের লড়াই হবে। ফেডারেশন কাপের ফাইনালে এ দুই দলের লড়াইয়ে অনেক ঘটনা ঘটেছিল। শেষ পর্যন্ত দুই দলের একাধিক ফুটবলার বহিষ্কার হয়। অর্থ জরিমানাও করে ডিসিপ্লিনারি কমিটি। বেশ আলোচিত সেই খেলাটা আবার দেখা যাবে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এবারও আশঙ্কাজনক কিছু ঘটতে পারে। যদিও দুই ক্লাবই তাদের খেলোয়াড়দের সংযত হওয়া ধৈর্য ধরে খেলার পরামর্শ দিয়েছেন। কিন্তু মাঠে নেমে উদ্ভূত পরিস্থিতিতে মেজাজ না হারানোর নির্দেশ দেয়া হয়েছে নিজ নিজ ক্লাব হতে।

আজ প্রথম সেমিফাইনাল ঃ

ব্রাদার্স ও শেখ রাসেল।

৪টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম।