শাসক হিসেবে নারীরা পুরুষদের চেয়ে ঢের ভালো :ওবামা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের প্রতিটি দেশের নারীরা যদি নেতৃত্বে আসেন তাহলে গোটা বিশ্ব এর সুফল ভোগ করত। তিনি বলেন, ‘আমি বলব না যে সব নারী নিখুঁত কিংবা পারদর্শী। কিন্তু তারপরও বলব নারীরা নিঃসন্দেহে পুরুষের চেয়ে ভালো।’ সিঙ্গাপুরে গতকাল নেতৃত্ব বিষয়ক এক সেমিনারে বারাক ওবামা এসব কথা বলেন।

বারাক ওবামা বলেন, বিশ্বে বেশির ভাগ সমস্যাই দেখা যাচ্ছে বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আর এগুলোর অধিকাংশই পুরুষের দ্বারা সৃষ্ট। ক্ষমতা দখল করার মাধ্যমেই এ সকল সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অহরহ মিথ্যা ছড়ানো হচ্ছে। এ বিষয়গুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না। ওবামা বলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন এ বিষয়গুলো নিয়ে বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিয়ে গভীরভাবে ভেবেছিলাম। আমি ভাবতাম নারীরা যদি বিশ্বের সব জায়গায়ই নেতৃত্বে আসত তাহলে কেমন হতো। তাই আমি বলছি নারীরা আমাদের চেয়ে অনেক ভালো। সেটা আমি নির্দ্বিধায়ই বলতে পারি।’ পুনরায় রাজনৈতিক নেতৃত্বে ফিরে আসা হবে কিনা বারাক ওবামাকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন,  রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে একটা সময় আসে যখন সেই নেতৃত্বে থেকে সরে দাঁড়াতে হয়। তিনি বলেন, ‘আপনি যদি গোটা বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন যে সমস্যাগুলো মূলত জ্যেষ্ঠ মানুষের দ্বারা বিশেষ করে জ্যেষ্ঠ পুরুষদের দ্বারা সৃষ্ট, আমরা সেই গণ্ডি থেকে বের হয়ে আসতে পারছি না। রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত যে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য একটা কাজ দেওয়া হয়েছে সারা জীবনের জন্য দেওয়া হয়নি।’ —বিবিসি