ট্রাম্পের অভিশংসনের বিষয়ে শুনানি অব্যাহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রশ্নে শুনানি অব্যাহত আছে। গতকালও কয়েক ঘণ্টা ধরে শুনানি হয়। হাউস জুডিসিয়ারি কমিটি দিনের শুনানি শেষে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে ট্রাম্পকে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে বুধবার হাউসে অভিশংসনের বিষয়ে ভোটাভুটি হতে পারে। গতকাল হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে জুডিসিয়ারি কমিটি। ট্রাম্প আবারো বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘কোনো অপরাধ না করা সত্ত্বেও আমাকে অভিশংসন করা হচ্ছে যা খুবই অন্যায়। অভিশংসনের কথা ওঠে খুব জরুরি কিছু ঘটলে। এটা ঘটেছিল অনেক বছর আগে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘ডেমোক্র্যাটদের জন্য ওবামা (সাবেক প্রেসিডেন্ট) যা করেছিলেন তার চেয়ে বেশি করেছি আমি। অথচ তারাই আমার বিরুদ্ধে এই প্রস্তাব এনেছেন।’

ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগ বিচার বিভাগীয় কমিটিতে অনুমোদন পেয়েছে। এদিকে বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। —দ্য গার্ডিয়ান

ইত্তেফাক/এমআর