বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের ৭১ নেতা কর্মী আটক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ৭১ জন নেতা-কর্মী আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

খুলনা: খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেছেন, এ পর্যন্ত ১২ জন নেতাকে কোনো মামলা ছাড়াই গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। পরে তিনি এসব বিষয়ে প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। 

ডোমার (নীলফামারী): ডোমার উপজেলায় পুলিশের ওপর হামলা মামলায় উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি খন্দকার মোহাম্মদ আহমেদুল হক মানিক (৪০)-কে মঙ্গলবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে।  থানাসূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর ডোমার সদর ইউনিয়নে পুলিশের ওপর হওয়া হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী ব্যাপারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা: জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের বিরুদ্ধে ৪ মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বদরগঞ্জ (রংপুর):বদরগঞ্জে ৫ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার মধুপুর ইউপির বিভিন্ন গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রাজ্জাক, হাফিজার রহমান, ওয়াহেদুল হক, মাহাফুজার রহমান ও আজম আলি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এরা প্রত্যেকেই জামায়াতের বিভিন্ন স্তরের নেতা। তাদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলার ওয়ারেন্ট রয়েছে।