রামগতিতে ঐক্যফ্রন্টের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

এক জন গ্রেফতার

 রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার চরগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সোমবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তদের পরিচয় সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, এজাহারে নাম উল্লেখ করা অভিযুক্তরা উপজেলার ৯টি গ্রামের বিএনপি, জেএসডি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। এর মধ্যে চর আলেকজান্ডার ইউনিয়ন জামায়াতের সমর্থক মো. নেছার উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত রব রোড এলাকায় রবিবার সকালে জেএসডির ইউনিয়ন যুব পরিষদের সভাপতি আবদুল খালেক অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে রুহুল আমিনকে মারধর করেন এবং তার সঙ্গে থাকা নগদ দেড় লাখ টাকাসহ স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নেন। এ ছাড়া মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এহেতে শামল হক, যুব বিষয়ক সম্পাদক হাবিবুল বাশার, চরগাজী ইউনিয়ন বিএনপির আহবায়ক মীর ফরহাদ হোসেন পস্তু, চরগাজী ইউনিয়ন জেএসডির সভাপতি গোলাম আজম ফারুকসহ বিভিন্ন এলাকার বিএনপি, জেএসডি ও জামায়াতের নেতা-কর্মী।

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউছুফ আলী বলেন, এ মামলায় নেছার উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।