>> চন্দন বর্ম্মণ
ঢাকায় বসবাস করেন যারা, সবারই শিকড় গ্রামে। এখন তো আমরা সকলেই বিশ্বগ্রামের বাসিন্দা। যাকে গ্লোবাল ভিলেজ বলি। তাই নিজের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য অপরাপর দেশকে জানানোর সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে জানারও। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিশেষভাবে শিক্ষায় একজন শিক্ষকের যেমন বেশ কিছু দক্ষতা থাকতে হবে, তেমনি বেশ কিছু দক্ষতা শিক্ষার্থীকেও অর্জন করতে হবে। তাদের থাকতে হবে সামাজিক, সাংস্কৃতিক ও উদ্ভাবনী দক্ষতা। গঠনমূলক সমালোচনা, সমস্যা সমাধান, যোগাযোগ, সহযোগিতামূলক মনোভাব ও দক্ষতায় বেড়ে উঠতে হবে তাদের। হতে হবে উদ্যোগী থাকতে হবে নেতৃত্বের গুণাবলি। এসব লক্ষ্যকে সামনে রেখে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজন করল দ্বিতীয় গ্লোবাল সামিট অন এডুকেশন। কলকাতার এডামাস ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে গত ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হলো এ উত্সব। জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও কলকাতার এডামাস ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করে এ যজ্ঞের। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, বাংলাদেশ, নাইজেরিয়া, নেপাল, ইউক্রেন, ফ্রান্স ও ভারতের শিক্ষাবিদ, বিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও শিল্প উদ্যোক্তাসহ ২০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
মুম্বাই কেন্দ্রীয় বিদ্যালয়সমূহের আঞ্চলিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এন. আর. মুনালী উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন। এডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর সুমিত রায় দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের একুশ শতকের উপযোগী হয়ে গড়ে উঠতে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের শিল্প উদ্যোক্তা মেগান লি।
এ ছাড়া দুদিনব্যাপী উত্সবে উপস্থিত ছিলেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিপ্লব কুমার দেব, ভাইস প্রেসিডেন্ট শাহেদ মাহমুদ, জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম আকন্দ। এ সম্মেলনের সমন্বয়ের দায়িত্ব পালন করেন সব্যসাচী মজুমদার। এ অনুষ্ঠানে এডামাস ইউনিভার্সিটির প্রো-ভিসি উজ্জ্বলকে চৌধুরীর সঞ্চালনা এক অন্য মাত্রা যোগ করে উত্সবের। তার বাচনভঙ্গি আর শব্দচয়ন প্রতিটি বাক্য মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন উপস্থিত সকলে।
আন্তর্জাতিক পোস্টার উপস্থাপন এবং পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা সুনাম অর্জন করেন। রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট জুবায়ের প্রথম ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেট সানজিদা তৃতীয় স্থান অধিকার করেন। কুইজ প্রতিযোগিতায় ফেনি গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেট জীম এবং জয়পুরহাট ক্যাডেট কলেজের ক্যাডেট সানজিদা যৌথভাবে প্রথম স্থান অধিকার করে আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন। g
