পুলিশের লক্ষ্য ভালো খেলা
স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী ১১ বার, মোহামেডান ১০ বার, মুক্তিযোদ্ধা তিন, ব্রাদার্স তিন, শেখ জামাল তিন এবং শেখ রাসেল এক বার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলেছে আরামবাগ (তিন বার), ওয়ান্ডারার্স, বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ ফুটবলে খেলবে ১৩ দল। তিন গ্রুপে তিনটি করে, চতুর্থ গ্রুপে চারটি দল।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী কিংবা রানার্সআপ বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও তারা মনে করছে খুব সহজ হবে না ট্রফি জয় করা। পুলিশ ফুটবল দল নতুন আসলেও তারা জানিয়েছে ভালো খেলা উপহার দেওয়ার জন্য নামবে। আবাহনীকে শক্তিশালী মনে করেই পুলিশ মাঠে নামবে আজ।
এ গ্রুপে আবাহনী, আরামবাগ, পুলিশ ফুটবল ক্লাব। বি গ্রুপে বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স। সি গ্রুপে সাইফ স্পোর্টিং, শেখ জামাল, রহমতগঞ্জ। ডি গ্রুপে শেখ রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান এবং উত্তর বারিধারা ক্লাব। ১০ বারের চ্যাম্পিয়ন মোহামেডান এবারও আশা করে না তারা ট্রফি পাবে। ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী এবার ১২ নম্বর ট্রফির খোঁজে নামবে।
দেশিদের সঙ্গে ব্রাজিল, হাইতি, নাইজেরিয়ান ফুটবলার আবাহনীর ভরসা। আজ বিকাল ৪টায় উদ্বোধনী খেলা দেখাবে বাংলা টিভি। টিকিট ভিআইপি ৫০ এবং গ্যালারি ২০ টাকা।
