প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এনআরবি ব্যাংক লিমিটেডের সাড়ে ৫ কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে ৩ ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদি হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার ৫ আসামি হলেন হূদয় কনফেকশনারির মালিক শাহিন লতিফ, এনআরবি ব্যাংক লিমিটেডের গুলশানের সাবেক প্রিন্সিপাল অফিসার বর্তমানে ব্র্যাক ব্যাংক লি. এর এ.ভি.পি মো. সোহানুর রহমান, এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) রাহাত শামস্ ও জিওলোজাইজ সার্ভে করপোরেশন এর প্রোপ্রাইটর মো. মিজানুর রহমান কনক।
অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে জাল দলিল ও জাল দায়মুক্ত সনদপত্র সৃজন ও আসল হিসাবে ব্যবহার করে, ভূয়া ব্যক্তির মাধ্যমে মর্টগেজ দলিল সৃজনপূর্বক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এনআরবি ব্যাংক লিমিটেডের ঋণ বিতরণ ও গ্রহণ করে ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮ শত ৬১ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করে আত্মসাত্ করেছে।
