৩০ ডিসেম্বর বিজয় আমাদেরই হবে : কাদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আওয়ামী লীগেরই হবে। এমন আত্মবিশ্বাস আমাদের আছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যেতে চাই। শেখ হাসিনাকে বর্তমান সময়ের সবচেয়ে সত্, ন্যায়পরায়ণ, কর্মদক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন তিনি।

‘বিএনপির ইশতেহার অবাস্তব’

কুমিল্লা প্রতিনিধি জানান, বিএনপি ভোটে জিতলে ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির রঙ্গীন বেলুন চুপসে যাবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলীক প্রতিশ্রুতি তুলে ধরেছে তারা। এগুলোর কোন বাস্তবতা নেই। মঙ্গলবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বা ঐক্যফ্রন্টের ইশতেহার যদি বলে তারা যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাবে তবে এটা বছরের সেরা কৌতুক। ভুতের মুখে রাম রামের মতো।