আফগানিস্তানের বিস্ফোরক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ খেলছেন রংপুর রেঞ্জার্সের হয়ে। বিপিএলের এবারের আসরের ঢাকা পর্বে নামের প্রতি সুবিচার করতে পারেন নি। তবে চট্টগ্রাম পর্বে কুমিল্লা ওরিয়র্সের বিপক্ষে নিজের জাত চেনালেন। চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে এনে দিলেন ১৮১ রানের বড়ো পুঁজি।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। শুরু থেকেই তাণ্ডব চালান শেহজাদ। স্বদেশি মুজিব উর রহমানের প্রথম তিন বলে মারেন দুই বাউন্ডারি। পরের ওভারে আরও আগ্রাসী শেহজাদ আবু হায়দারের ওভারে মারেন দুটি ছক্কা। খেলার পঞ্চম ওভারে দলীয় স্কোর যখন ৪৯, তখন সাব্বির রহমানের সরাসরি থ্রোতে মোহাম্মদ নাঈম শেখ রান আউট হয়ে ফিরে যান।
সঙ্গীকে হারালেও শেহজাদ ছিলেন নিজের মতোই। আবু হায়দারকে টানা দুই বলে বাউন্ডারিতে ফিফটি স্পর্শ করেন মাত্র ২১ বলে। পাওয়ার প্লের ৬ ওভারে রংপুর তুলে ৬৮ রান। সানজামুলের বলে আউট হওয়ার আগে ৭ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন শেহজাদ। এরপর সৌম্য সরকার ২৫ বলে ২৫ রান করে ফিরে যান। মিডল অর্ডারে মোহাম্মদ নবি ও লুইস গ্রেগোরি যথাক্রমে ২০ বলে ২৬ এবং ১২ বলে ২১ রান করে রানের চাকা সচল রাখেন। লোয়ার অর্ডারে নাদিফ চৌধুরির ১১ বলে ১৫ রান আর আরাফাত সানির ১০ বলে ১৫ রান রংপুরকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
কুমিল্লার হয়ে মুজিব ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।
১৮২ রান তাড়া করতে নেমে ভানুকা রাজাপাকশের উইকেট হারিয়ে ৯ ওভারে ৭৬ রান তুলেছে কুমিল্লা। জয়ের জন্য দরকার ৬৬ বলে ১০৬ রান।
ইত্তেফাক/এসইউ
