‘হ্যারি পটার’ থেকে লিটল ওম্যান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

তা হ মি না  মি লি

 

এবারের বড়দিনের উত্সবে আসছে ‘লিটল ওম্যান’ ছবিটি। ১৮৬৮ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়েছে। উপন্যাসটি লিখেছেন লুইসা মে অ্যালকট। একই উপন্যাস অবলম্বনে এর আগে ১৭টি সিনেমা নির্মিত হয়েছে। গত ৭ ডিসেম্বর নিউইয়র্কের মিউজিয়াম অব মর্ডান আর্টে ‘লিটল ওম্যান’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট এবং টাইম ম্যাগাজিন ২০১৯ সালের সেরা ১০ চলচ্চিত্রের একটি হিসেবে মনোনীত করেছে ছবিটিকে। আমেরিকার গৃহযুদ্ধকালীন এবং পরবর্তী সময়ের পটভূমিতে এ ছবির কাহিনি আবর্তিত হয়েছে। আগে অনেকবার এই বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি হলেও এবারও গল্পটি নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চার বোনের জীবনের নানা ঘাত-প্রতিঘাত, টানাপোড়েনের হূদয়স্পর্শী বিবরণ সেলুলয়েডে ধারণ করা হয়েছে। মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স পুহ, এলিজা স্ক্যানলেন, লরা ডান, প্রায়োরাস রোনান প্রমুখের পাশাপাশি ছবির অন্যতম প্রধান একটি চরিত্র মার্গারেট মেগ মার্চ-এর ভূমিকায় রূপদান করেছেন এমা ওয়াটসন। ধারণা করা হচ্ছে, ইংরেজ এই অভিনেত্রীর অভিনয়জীবনের একটি উল্লেখযোগ্য সিনেমা হিসেবে বিবেচিত হবে ‘লিটল ওম্যান’। ২৯ বছর বয়সী এম ওয়াটসনের জন্ম ফ্রান্সের রাজধানী প্যারিসে। তার বাবা-মা দুজনেই আইনজীবী। এমার শৈশবটা প্যারিসে কেটেছে। বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে ছোট এমা মায়ের সঙ্গে ইংল্যান্ড চলে আসেন। মা থাকতেন অক্সফোর্ডশায়ারে আর বাবা ছিলেন লন্ডনে। বাবা-মায়ের আলাদা আলাদা বাড়িতে মিলিয়ে থাকতেন কন্যা এমা ওয়াটসন। ছয় বছর বয়স থেকে অভিনেত্রী হওয়ার আকাঙ্ক্ষা জেগেছিল মনে। ঐ বয়সেই মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন। থিয়েটার স্কুলে ভর্তি হয়ে গান, নাচ ও অভিনয়ের তালিম নিয়েছেন। কিশোরী বয়সেই অনেকগুলো মঞ্চ নাটকে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল তার। অভিনয়ের পাশাপাশি লেখাপড়ায়ও মনোযোগী ছিলেন এমা। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০১-এ। এরপর একে একে হ্যারি পটার সিরিজের আরো সাতটি ছবিতে হারমিওনি গ্র্যাংগার চরিত্রে দেখা গেছে তাকে। ‘হ্যারি পটার’-এ এমা ওয়াটসন একটানা অভিনয়ের সুবাদে বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা ও পরিচিতি পেয়েছেন। এর বাইরে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘দ্য ব্লিং রিং’, ‘লোয়াহ’, ‘কলোনিয়া’, ‘রিগ্রেসন’, ‘বিউট অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘দ্য সার্কেল’। মেধাবী অভিনেত্রী হিসেবে অল্প বয়সেই বিপুল খ্যাতি অর্জন করেন এমা ওয়াটসন। ‘লিটন ওম্যান’ ছবিতে তার অনবদ্য অভিনয় দেখার প্রতীক্ষায় রয়েছেন দর্শকরা। ‘হ্যারি পটার’-এ অভিনয়ের সুবাদে দর্শক মনে যে ইমেজ স্থায়ী হয়েছে, ‘লিটল ওম্যান’ তাকে তা থেকে বের করে নতুনভাবে পরিচিত করাবে বলে আশা করা যায়।