পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগ মনেপ্রাণে বিশ্বাস করে তরুণরাই আমাদের দেশের শক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে সেটি আমরা আগামী দিনের সমাজ পরিবর্তনে কাজে লাগাতে চাই। সেখানে তাদের হাত ধরেই আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে, আরও বেগবান হবে। তাদের হাত ধরেই আমাদের মানুষে মানুষে সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে এবং আগামীর পথচলা আরও মসৃণ ও অর্থবহ হবে। তাই তরুণ সমাজের উপজীব্য করে আধুনিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী মঙ্গলবার তার নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ সংসদীয় আসনের সদর দক্ষিণ উপজেলার কমলপুর, লালবাগ, ভাটপাড়া, বটগ্রামে গণসংযোগকালে পথসভায় জনগণের উদ্দেশে এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি- আমাদের তরুণরা প্রস্তুত। তরুণদের কথা মাথায় রেখে আমরা অর্থনীতিকে সাজাচ্ছি। তরুণসম্পৃক্ত অর্থনীতির কাঠামো নির্মাণ করে তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করা আমাদের লক্ষ্য। তিনি বলেন, তরুণদের জন্য উচ্চতর শিক্ষার দুয়ার অবারিত থাকবে। শিক্ষা শেষে তাদের জন্য থাকবে কর্মসংস্থানের ব্যবস্থা। আমাদের দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। আমাদের দেশে কর্মক্ষম মানুষ রয়েছে ১০ কোটি ৫০ লাখ, যা আমাদের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ। ২০৪১ সাল পর্যন্ত এই কর্মক্ষম মানুষের সংখ্যা এর নিচে নামবে না। উচ্চতর ও সময়োপযোগী শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সরকারের অভিপ্রায়। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা ও সৃজনশীলতা বৃদ্ধি করণের মাধ্যমে উন্নত বিশ্বের ন্যায় মাথাপিছু সুযোগ প্রদান করাই আমাদের লক্ষ্য।
মন্ত্রীর সঙ্গে গণসংযোগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদত্ হোসেন তসলিম, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু এবং স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
