কাজী হায়াতের ‘বীর’-এ রাব্বিকীনের গান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৬

মা হ মু দু ল  আ মি ন

 

অডিওতে এরইমধ্যে সাড়ে চার শতাধিক গান লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তার থেকে অনেক শিল্পীর কণ্ঠেই গান গানগুলো পেয়েছে শ্রোতাপ্রিয়তা। অডিওর বাইরে বেশ কিছু ছবিতেও গান লিখেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার একটি বিশেষ ছবিতে গান লিখলেন ফয়সাল রাব্বিকীন। কাজী হায়াত্ পরিচালিত পঞ্চাশ নম্বর ছবি ‘বীর’ ছবির জন্য একটি কাওয়ালী ঘরানার গান লিখেছেন তিনি। গানটি গেয়েছেন আকাশ মাহমুদ। আর এর সুর ও সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক শওকত আলী ইমন। সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘বীর’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী। শাকিবের এসকে ফিল্মসের ব্যানারে এ ছবিটির শুটিং চলছে এখন। ছবিটির সহ প্রযোজক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইকবাল। এদিকে সম্প্রতি ফয়সাল রাব্বিকীনের লেখা এ গানটির শুটিং হয়েছে পুবাইলে। আর তাতে অংশ নিয়েছেন শাকিব খান। কাজী হায়াত্ বলেন, ‘বেশ সুন্দর কথা-সুরের একটি কাওয়ালি ঘরানার গান এটি। এরইমধ্যে এর চিত্রায়ণও হয়েছে ভালোভাবে। ছবির গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে গানটি থাকছে। আশা করছি, ছবির পাশাপাশি গানটিও ভালো লাগবে সবার।’ ফয়সাল রাব্বিকীন বলেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ কাজ। কারণ কাজী হায়াতের মতো গুণী পরিচালকের ৫০তম ছবি এটি। তা ছাড়া শাকিব ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটি নির্মাণ হচ্ছে। আমি চেষ্টা করেছি ভালোভাবে গানটি লেখার। ইমন ভাইও বরাবরের মতো অসাধারণ মিউজিক করেছেন। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার। আর আমার ওপর বিশ্বাস রাখার জন্য কাজী হায়াত আঙ্কেল, শাকিব ভাই, ইমন ভাই ও সহ-প্রযোজক ইকবাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’