বিজয়ের আনন্দে মনোরম ডিসপ্লে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২

মো. আকতার হোসেন

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে বিজয় ভাস্কর্য দীপ্তবাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর মতলব নিউ হোস্টেল মাঠে শিক্ষার্থী, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ডিফেন্স, স্কাউটসদের অংশগ্রহণে মনোরম ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে সালাম গ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ। উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান ও সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা ফারহান আক্তার রুমা বিচারকমণ্ডলী হিসেবে ডিসপ্লেতে মতলব জেবি সরকারি উচ্চ বিদ্যালয়কে প্রথমস্থান, লিটল স্কলার্স একাডেমিকে দ্বিতীয় স্থান ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে তৃতীয় স্থান ঘোষণা করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন শোভা সংগীতায়ন, ললিতা সংগীতায়ন, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ, সূর্যমুখী কচি-কাঁচার মেলার শিল্পীদের অংশগ্রহণে নানাবিধ পরিবেশনা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।