ফাঁসিই হচ্ছে নির্ভয়ার খুনিদের 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

ভারতের মেডিকেল শিক্ষার্থী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে শেষ ব্যক্তির রিভিউ আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। ফলে দোষী সাব্যস্ত চার আসামীকে ফাঁসির কাষ্ঠে উঠাতে আর কোন বাঁধা রইলো না। এতে করে সাত বছর আইনি লড়াইয়ের পর অবশেষে সুবিচার পেতে যাচ্ছে নির্ভয়ার পরিবার। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২০১৭ সালের ৫ মে নির্ভয়া হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন উচ্চ আদালত। পরে তাদেরর সবাই রায় রিভিউয়ের আবেদন করে। তিন আসামি পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের রিভিউ আবেদন আগেই খারিজ হয়ে গিয়েছিল। বাকি ছিল অক্ষয় সিংয়ের আবেদন। বুধবার তার রিভিউ আবেদনের শুনানি করে খারিজ করে দেন তিন বিচারকের আপিল বেঞ্চ। 

আদালত জানিয়েছে, ‘২০১৭ সালের রায়ই ঠিক ছিলো। এ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তার কিছু নেই।’ আদালত থেকে বেরিয়ে নির্ভয়ার মা আশাদেবী বলেন, ‘আদালতের রায়ে খুশি হয়েছি আমি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথে আরও একধাপ এগোলাম।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুড়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পুরো ভারত। এই ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। 

ইত্তেফাক/এসইউ